অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া ও পাশে দাঁড়ানোর মহান সুন্নাহকে বাস্তবে রূপ দিতে বিশেষ সেবামূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন খাইরুল কুরূন ফাউন্ডেশন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার কিশোরগঞ্জ সদর হাসপাতালে আয়োজন করা হবে “ইয়াদাতুল মারিজ কর্মসূচি”। এ কর্মসূচির আওতায় অসুস্থ রোগীদের দেখতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, মানসিক সান্ত্বনা দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, এটি কেবল মানবিক কার্যক্রম নয়; বরং একটি গুরুত্বপূর্ণ ইবাদতও। তারা একটি হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন—
“যখন কোনো মুসলিম তার অসুস্থ ভাইকে দেখতে যায়, তখন আসমানে এক ঘোষক ঘোষণা করেন: তুমি ধন্য, তোমার পথচলা মসৃণ হোক, তুমি জান্নাতে একটি ঠিকানা বানিয়ে নিয়েছ।” (সুনানে ইবনে মাজাহ ১৪৪৩; জামে তিরমিযী ২০০)।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, সমাজে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানের বহিঃপ্রকাশ। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা রোগীদের মাঝে সহমর্মিতা, দোয়া ও মানবিক উষ্ণতা পৌঁছে দেবেন।
আয়োজকরা সমাজের সচেতন মানুষ, তরুণ স্বেচ্ছাসেবক ও দানশীল ব্যক্তিদের এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষায়,
“সেবার মাধ্যমে ঈমানকে জীবন্ত করার এ প্রচেষ্টায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
কিশোরগঞ্জ, প্রতিনিধি:

