আফগানিস্তানে বিদ্যুৎ ও খনিজ খাতে অগ্রগতি, চার মাসে শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রকল্প
আল হাদি ডেস্ক: আফগানিস্তানে বিদ্যুৎ অবকাঠামো ও খনিজ সম্পদ উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতির খবর দিয়েছে আফগান ইনভেস্ট কোম্পানি। অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে কোম্পানির কর্মকর্তারা জানান, শেবেরঘান–দাশতে আলওয়ান ৫০০ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং দাশতে আলওয়ান উপকেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী চার মাসের মধ্যেই প্রকল্প দুটির কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, গোর প্রদেশের সীসা ও দস্তা খনির দ্বিতীয় ব্লকে অনুসন্ধান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আফগান ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।
এ সময় উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার কোম্পানির কার্যক্রমের প্রশংসা করে বলেন, দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ খনিজ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন জরুরি। একই সঙ্গে ওই কারখানার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন মোল্লা বারাদার। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প সম্পন্ন হলে আফগানিস্তানের জ্বালানি ও খনিজ খাতের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

